ভুয়ো ST সার্টিফিকেটধারীদের দিন শেষ, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!
হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নের জন্য ১২০০ কোটি টাকার মেগা বাজেট বরাদ্দের ঘোষণা করেছেন। এদিন তিনি জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে অন্নপূর্ণা যোজনা, ছাত্রাবাসের খাদ্যভাতা বৃদ্ধি, ‘জয় জোহার’ ভাতা বাড়ানো এবং ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে দুর্গাপুর পর্যন্ত ২০০ কিলোমিটার দীর্ঘ অর্থনৈতিক করিডোর তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে, জনজাতি গ্রামগুলোর পরিকাঠামো উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ধর্তি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান’, ‘পিএম জনমন’ ও বন্যপ্রাণী সংঘাত রুখতে ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ চালুর ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি, রাজ্যে তফশিলি জাতি ও উপজাতিদের নামে হাজার হাজার ভুয়ো সার্টিফিকেট বিলির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং জেলে পাঠানো হবে। পূর্বতন সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্পগুলো থমকে থাকার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার জনজাতিদের অধিকার রক্ষা ও জঙ্গলমহলের মানুষের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের নির্বাচনে আদিবাসী সংরক্ষিত ১৬টি আসনে বিজেপির জয়ের জন্য তিনি জনজাতি সমাজকে কৃতজ্ঞতা জানান।