বাসন্তীতে পুলিশকে ঘিরে বিক্ষোভ, তৃণমূল নেতাকে ছিনিয়ে নেওয়ার মরিয়া চেষ্টা!
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর মসজিদবাটি এলাকায় দুর্নীতি, তোলাবাজি ও কাটমানি আদায়ের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতা পবিত্রকে ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার বিকেলে ক্ষিপ্ত এলাকাবাসী ওই নেতার বাড়ি ঘেরাও করলে পরিস্থিতি রণক্ষেত্রের আকার ধারণ করে। পুলিশ অভিযুক্ত নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের বাধা পেরিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন স্থানীয় জনতা।
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে সরকারি আবাস যোজনার উপভোক্তাদের থেকে টাকা আদায়, দোকানপাট থেকে তোলাবাজি এবং স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে আসছেন ওই নেতা। মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে জনতার ধস্তাধস্তিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।