ভাইফোঁটা পালন করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

বিজয়া দশমীর পর এবার ভাইফোঁটাতেও কোনো অনুষ্ঠান করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূল সূত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে বিজয়া সম্মিলনী বা মিষ্টিমুখের অনুষ্ঠান থেকেও নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। তবে পারিবারিক কালীপুজোর রীতি মেনে মায়ের পুজো সম্পন্ন করেছেন মুখ্যমন্ত্রী।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কর্মীদের ওপর হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম এবং মিথ্যা অভিযোগে গ্রেফতারের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন নেত্রী। রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতেই তিনি উৎসবের আমেজ থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন। তবে কেউ ব্যক্তিগতভাবে দেখা করতে চাইলে তা আলাদা বিষয়, কিন্তু কোনো আনুষ্ঠানিক ফোঁটার আয়োজন এবার থাকছে না।
উল্লেখ্য, প্রতি বছর ভাইফোঁটার দিন মমতার কালীঘাটের বাড়িতে দলের শীর্ষ নেতাদের ভিড় থাকত। সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ডেরেক ও ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা সেখানে উপস্থিত থাকতেন। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ও প্রতি বছর এই অনুষ্ঠানে অংশ নিতেন। তবে এবার সেই চেনা ছবি দেখা যাবে না। ভবানীপুরে সাম্প্রতিক অশান্তি ও পুলিশি তদন্তের আবহে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।