ভাইফোঁটায় বৃষ্টির আশঙ্কা নেই, জানাল আবহাওয়া দফতর

ভাইফোঁটায় বৃষ্টির আশঙ্কা নেই, জানাল আবহাওয়া দফতর

মঙ্গলবার দুপুর গড়াতেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। হাওড়ার বিভিন্ন প্রান্তে শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছিল। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও নদিয়া জেলায় এই আবহাওয়া বজায় থাকার কথা জানানো হয়।

তবে উৎসবের মরসুমে বৃষ্টির ভ্রুকুটি থাকলেও ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ কেটে যাওয়ায় নতুন করে কোনো ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রাজ্যজুড়ে ইতিমধ্যেই হালকা শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বুধবার ভাইফোঁটার দিন রাজ্যের কোনো জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ভাইফোঁটায় আপাতত বৃষ্টির কোনো আশঙ্কা নেই। উৎসবের দিনে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। ফলে ভাইফোঁটার আনন্দ মাটি হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই মনে করছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *