ব্যাঙ্কিং ব্যবস্থায় এআই-এর ঝুঁকি, সতর্কবার্তা দিল আরবিআই!
আন্তর্জাতিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের মধ্যেও ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ‘ফিনানশিয়াল স্টেবিলিটি রিপোর্ট’-এ জানানো হয়েছে, দেশের শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্কগুলির হাতে পর্যাপ্ত মূলধন ও নগদ অর্থ রয়েছে। পাশাপাশি, অনুৎপাদক সম্পদের (এনপিএ) হার কমছে এবং ঋণের বাজার বা ক্রেডিট গ্রোথ অত্যন্ত মজবুত। আরবিআই-এর ‘ম্যাক্রো স্ট্রেস টেস্ট’-এর ফলাফল অনুযায়ী, দেশি বা বিদেশি যেকোনো ধরনের অর্থনৈতিক ধাক্কা সামলে নেওয়ার সক্ষমতা ভারতের বর্তমান ব্যাঙ্কিং কাঠামোর রয়েছে।
আর্থিক স্থিতিশীলতার বিষয়ে আশার বাণী শোনালেও, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে কাজে লাগিয়ে সাইবার হামলার ঝুঁকি নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে আর্থিক ঝুঁকি বাড়ছে। এর মধ্যে এআই-এর অপব্যবহার ভবিষ্যতে বড় ধরনের সাইবার চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই ধরনের জটিল পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্ক নিয়মিত পরিস্থিতির ওপর নজর রাখছে এবং অর্থব্যবস্থাকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।