আইনজীবী জট নিয়ে চরম নাটক, সিয়ার দাদার বিরুদ্ধে ১০ কোটির মানহানি!
পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলায় মূল অভিযুক্ত সিয়া গোয়েলের আইনজীবী নিয়োগ নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড়। অভিযুক্তের আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব এবার সিয়ার দাদা সাহিল গোয়েলের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন। মামলার শুনানির সময় নিজের নিয়োগ নিয়ে সিয়া ও তাঁর আইনজীবীর পরস্পরবিরোধী বক্তব্যের প্রেক্ষিতে এই সংঘাতের সূচনা হয়।
ঘটনার সূত্রপাত গত সোমবার ভাদগাঁও মাভাল আদালতে, যেখানে আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব সশরীরে উপস্থিত হয়ে দাবি করেন, সিয়া নিজেই তাঁকে নিয়োগ করেছেন এবং সেই সংক্রান্ত ওকালতনামা আদালতে জমা দিয়েছেন। কিন্তু সিয়া বিচারকের সামনে দাবি করেন, তিনি তাঁকে নিয়োগ করেননি, বরং তাঁর আইনজীবী হলেন বিপুল দুশিং। এর পরিপ্রেক্ষিতে সিয়ার দাদা সাহিল গোয়েল অভিযোগ তোলেন যে, আইনজীবী আশুতোষ প্রতারণামূলক উপায়ে সিয়ার সই সংগ্রহ করেছেন। এই মন্তব্যের জেরে নিজের পেশাগত সম্মানহানির অভিযোগ তুলে সাহিল গোয়েলকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন আইনজীবী আশুতোষ। ক্ষমা না চাইলে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ১৮ জুন লোহাগড় দুর্গে ব্যবসায়ী কেতন আগরওয়ালকে খুনের ঘটনায় সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।