বিষ্ণোই গ্যাং ক্রিকেট বিশ্বকাপ কাঁপালো! 😱
বিশ্বকাপে ম্যাচ গড়াপেটার অভিযোগ, তদন্তে আইসিসি
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কানাডা বনাম নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। ‘দ্য ফিফথ এস্টেট’-এর একটি তদন্তমূলক তথ্যচিত্রে দাবি করা হয়েছে, কুখ্যাত ‘বিষ্ণোই গ্যাং’-এর হুমকির মুখে পড়ে খেলোয়াড় ও কর্মকর্তারা ম্যাচ ফিক্সিংয়ে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র দুর্নীতি দমন শাখা ইতিমধ্যেই এই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
প্রতিবেদন অনুযায়ী, কানাডার একটি রেস্তরাঁয় গোপন বৈঠকের মাধ্যমে ফিক্সিংয়ের পরিকল্পনা করা হতো। ক্রিকেটারদের সেখানে উপস্থিত থাকতে বাধ্য করা হত এবং নির্দেশ না মানলে খেলোয়াড় ও তাদের পরিবারকে খুনের হুমকি দেওয়া হত। এক বোর্ড কর্তার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তথ্যচিত্রটিতে অভিযোগ করা হয়েছে, নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য বোর্ড কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করা হতো।
তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর একটি ওভারের নো-বল এবং ওয়াইড বলের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও, প্রাক্তন কোচ কুররাম চোহানের ফাঁস হওয়া ফোন রেকর্ড এবং তৎকালীন কোচ পুদুবু দশনায়াকেকে দল নির্বাচনে চাপ দেওয়ার ঘটনায় ‘বিষ্ণোই গ্যাং’-এর প্রভাব কানাডা ক্রিকেটের গভীরে প্রবেশের ইঙ্গিত পাওয়া গেছে। ভারত ও কানাডায় সক্রিয় এই গ্যাং তোলাবাজি, মাদক পাচার এবং খুনের মতো অপরাধে জড়িত। কানাডা সরকার এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেও, ক্রিকেটে তাদের এই অনুপ্রবেশ বিশ্ব ক্রীড়াঙ্গনের নিরাপত্তা ও স্বচ্ছতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।