পারমাণবিক বোমা? ট্রাম্পের চরম হুঁশিয়ারি কাঁপছে বিশ্ব!
ইরান-আমেরিকা: পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত সংঘাতের দ্বারপ্রান্তে
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের চলা উত্তেজনা এবার সরাসরি সংঘাতের দিকে মোড় নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কড়া ভাষায় সতর্ক করে জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে কোনও স্পষ্ট সমঝোতা না হলে ইরানের ওপর আবারও বিমান হামলা শুরু করবে আমেরিকা। অ্যারিজোনা থেকে ওয়াশিংটন ফেরার পথে ‘এয়ার ফোর্স ওয়ান’ ফ্লাইটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই ঘোষণা করেন। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘণীভূত করেছে।
আগামী সোমবার থেকে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনাকে বিরোধ মেটানোর শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে, আলোচনার আগেই ট্রাম্পের এই চরম সময়সীমা নির্ধারণ কূটনৈতিক মহলে বড় চাপ সৃষ্টি করেছে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বর্তমান যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না এবং আলোচনা ব্যর্থ হলে ইরানের বন্দরগুলোতে অবরোধ বজায় রাখার পাশাপাশি আকাশপথে বোমাবর্ষণ শুরু করা হবে।
যদিও হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন, তবে তিনি পরমাণু ইস্যুতে কোনও আপস করতে নারাজ। এই পরিস্থিতি সামাল দিতে কাতার ও তুরস্কের রাষ্ট্রপ্রধানরা কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। কাতারের আমির এবং তুরস্কের প্রেসিডেন্ট ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তারা ধারণা করছেন, এই অঞ্চলে নতুন করে যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে। তাই তারা আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।