বিয়ে এড়াতে হবু স্বামীকে খুন, প্রেমিকের সঙ্গে মিলে যা স্বীকার করল সিয়া!

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর মোড় নিয়েছে। বিয়ে এড়ানোর লক্ষ্যেই কেতনকে হত্যার পরিকল্পনা করেছিলেন তাঁর হবু স্ত্রী সিয়া গোয়েল। পুলিশের কাছে সিয়া স্বীকার করেছেন যে, তিনি কেতনকে বিয়ে করতে চাননি। সিয়ার ধারণা ছিল, কেতনকে সরিয়ে দিলে অন্তত তিন বছরের জন্য বিয়ের চাপ থেকে মুক্তি পাওয়া যাবে। এই পরিকল্পনা বাস্তবায়নে সিয়ার প্রেমিক ও সহ-অভিযুক্ত চেতন চৌধুরীও তাঁকে সহায়তা করেন। বিয়ে ভেঙে সামাজিক অপমানের মুখোমুখি হওয়ার বদলে তাঁরা খুনের পথ বেছে নেন বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তকারীদের দাবি, খুনের ঠিক একদিন আগে ১৭ জুন পুনের একটি ক্যাফেতে সিয়া ও চেতনের মধ্যে গোপন বৈঠক হয়, যেখানে এই হত্যাকাণ্ডের নীল-নকশা চূড়ান্ত করা হয়। সিয়া ও চেতনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে তাঁদের ফোনে ২,০০৪ বার দীর্ঘ কথোপকথন হয়েছে। পুলিশের চোখ এড়াতে অভিযুক্তরা নিজেদের ফোনের সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট ও ইনস্টাগ্রাম মেসেজ মুছে ফেলেছিলেন, যা ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে পুনরুদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যে সিয়ার দাদা সাহিল গোয়েলকে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ কর্মকর্তারা। উদ্ধার হওয়া ডিজিটাল তথ্যই এই মামলার প্রধান প্রমাণ হিসেবে কাজ করবে বলে মনে করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *