তামান্না হত্যাকাণ্ডে বড় সাফল্য, শুভেন্দু অধিকারীর প্রকাশ করা তালিকায় মিলল চাঞ্চল্যকর তথ্য!
গত বছর উপনির্বাচনের ফল ঘোষণার দিন নদিয়ার কালীগঞ্জে রাজনৈতিক সহিংসতার শিকার ৯ বছরের শিশু তামান্না খাতুন হত্যা মামলায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক থাকা ১২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে প্রশাসন। হরিয়ানার গুরগাঁও এবং মহারাষ্ট্রের নাগপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ধৃতদের তালিকা প্রকাশ করে অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৫ সালে কালীগঞ্জের মোলান্দি গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমায় শিশু তামান্নার মৃত্যুর ঘটনায় তার মা ২৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। প্রাথমিক তদন্তে ১১ জন গ্রেপ্তার হলেও মূল অভিযুক্তরা দীর্ঘদিন পলাতক ছিল। সম্প্রতি বিধানসভায় তামান্না খুনের প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলেন এবং নিহতের মায়ের সঙ্গে দেখা করে প্রতিশ্রুতি রক্ষা করার কথা জানান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কৃষ্ণনগর জেলা পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে বাকি অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে এসেছে। এই গ্রেপ্তারের ফলে এফআইআর-এ নাম থাকা প্রায় সব অপরাধী এখন পুলিশের হেফাজতে রয়েছে।