তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই রায়নায় অকাল দীপাবলি!
পূর্ব বর্ধমানের রায়নায় বিজেপি’র এক মহিলা কর্মীকে নির্যাতন, শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতা বামদেব মণ্ডল ও তাঁর সহযোগী নিজামুদ্দিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জাকতা এলাকায় অভিযান চালিয়ে রায়না থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। রবিবার বর্ধমান আদালতে তোলা হলে বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, গত ১০ মার্চ বামুনিয়া গ্রামের এক বিজেপি কর্মীর কাছে বামদেব মণ্ডল এক লক্ষ টাকা তোলা দাবি করেছিলেন। অভিযোগ, ওই মহিলা ৩০ হাজার টাকা দেওয়ার পরও তাঁকে মারধর করা হয় এবং ধারালো ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশ জখম করা হয়। শ্লীলতাহানি ছাড়াও মহিলার স্বামী ও অন্যান্য কর্মীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। এই ঘটনার জেরে পুলিশ শ্লীলতাহানি, তোলাবাজি ও অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করেছে। এদিকে, নেতার গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের একাংশ উল্লাস প্রকাশ করেছেন। বিজেপির পক্ষ থেকে এই গ্রেপ্তারকে স্বস্তির বার্তা বলা হলেও, তৃণমূলের দাবি—রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিথ্যা মামলায় অভিযুক্তদের ফাঁসানো হচ্ছে।