বিয়েবাড়িতে যৌতুক নিয়ে তুলকালাম, জামাইকে পিটিয়ে পুলিশের হাতে!
বিয়ের আসরে দামী বাইকের দাবি, পণ্ড হলো বিয়ে, বরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
উত্তরপ্রদেশের আমেঠি জেলার কেশরিয়া সালিমপুর গ্রামে ১৭ মে একটি বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। রায়বরেলী থেকে আসা বর মোহাম্মদ আমির বিয়ের আসরে হঠাৎই সাধারণ বাইকের বদলে দামী ‘বুলেট’ মোটরসাইকেলের দাবি তোলেন। কনেপক্ষ তৎক্ষণাৎ ২ লক্ষ টাকার চেক দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বর ও তাঁর পিতা নাছোড়বান্দা ছিলেন। তাঁদের দাবি ছিল, হাতে হাতে বুলেট না পেলে কোনোভাবেই কনে বিদায় করা হবে না। এই অন্যায্য দাবি এবং এর পরবর্তী অসভ্যতার জেরে কনের বাবা বরের আবদার পূরণে ২ লক্ষ টাকার চেক দিলেও বর ও তার পিতা তা ছিঁড়ে ফেলেন এবং কনেপক্ষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন কনের বাড়ির সদস্য ও গ্রামবাসীরা। তাঁরা বর ও তাঁর পিতাকে জিম্মি করে এবং গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরিস্থিতি বেগতিক দেখে কনে নিজেই জানান, এমন লোভী পরিবারে তিনি সংসার করবেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বরপক্ষকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কনেপক্ষের অভিযোগের ভিত্তিতে বর ও তাঁর বাবাসহ মোট ৭ জনের বিরুদ্ধে যৌতুক আইনের অধীনে মামলা করা হয়েছে। অন্যদিকে বরের অভিযোগের ভিত্তিতে কনেপক্ষের বিরুদ্ধে মারধরের মামলাও নথিভুক্ত করা হয়েছে।