ইউটিউব থেকে শেখা এটিএম ক্লোনিং! মাঝরাতে পুলিশের জালে মাস্টারমাইন্ড!
ইউটিউব দেখে এটিএম ক্লোনিং, আন্তঃরাজ্য প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
উত্তরপ্রদেশের আমরোয়া জেলা থেকে একটি আন্তঃরাজ্য প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ইউটিউব দেখে এটিএম কার্ড ক্লোনিংয়ের কৌশল রপ্ত করে ওই চক্রটি সাধারণ মানুষের অর্থ লুট করত। ধৃতদের কাছ থেকে একটি গাড়ি, ১৪টি ডেবিট কার্ড, একটি সোয়াইপ মেশিন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা সকলেই হরিয়ানার হিসার জেলার বাসিন্দা।
তদন্তে জানা গেছে, এই চক্রের মূল হোতা ইউটিউব থেকে ক্রেডিট ও ডেবিট কার্ড ক্লোন করার পদ্ধতি শেখে। এরপর আহমেদাবাদ থেকে একটি বিশেষ সোয়াইপ মেশিন অনলাইন মারফত সংগ্রহ করে তারা। মূলত পুলিশি নজরদারির বাইরে থাকা গ্রাম্য এলাকা বা মফস্বলকে তারা লক্ষ্যবস্তু করত। এই চক্রটি চুরির জন্য রাত ১২টার পরবর্তী সময়কে বেছে নিত। গভীর রাতে টাকা তোলায় গ্রাহকের মোবাইলে এসএমএস এলেও অধিকাংশ সময় তা নজরে আসত না, ফলে কার্ড ব্লক করার সুযোগ পেতেন না ভুক্তভোগীরা। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও বিহারসহ একাধিক রাজ্যে তারা জাল বিস্তার করেছিল। ধরা পড়া এড়াতে তারা ভাড়ার গাড়ি ব্যবহার করত এবং নিয়মিত নম্বর প্লেট পরিবর্তন করত। এই গ্রেফতারের ফলে একটি বড় ডিজিটাল জালিয়াতির চক্রকে থামানো সম্ভব হলো বলে মনে করছে প্রশাসন।