বিন্নাগুড়ির চা বাগানে চিতাবাঘের উপদ্রব, অবশেষে খাঁচাবন্দি

বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের আওতাধীন একটি চা বাগানে দীর্ঘদিনের চিতাবাঘ আতঙ্ক থেকে মুক্তি মিলল। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল, যা চা শ্রমিকদের মধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি করেছিল।
এই পরিস্থিতিতে বাগান কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে বন দফতর প্রায় ২০ দিন আগে সেখানে একটি খাঁচা পাতে। অবশেষে রবিবার গভীর রাতে ছাগলের টোপ দেওয়া সেই খাঁচায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়ে।
খবর পেয়ে ভোররাতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন। পরে সেটিকে সংরক্ষিত জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় চা বাগানের শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিনের আতঙ্ক থেকে আপাতত মুক্তি মেলায় তাঁরা কিছুটা নিশ্চিন্ত বোধ করছেন।
উল্লেখ্য, এর আগেও আলিপুরদুয়ারের ফালাকাটার সুপ্রিয় চা বাগানে একই কায়দায় খাঁচা পেতে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ ধরা হয়েছিল। সেখানেও বেশ কিছুদিন ধরে চিতাবাঘের উপদ্রব ছিল। জলদাপাড়া বন দফতরের পাতা খাঁচায় ছাগলের টোপ দেখে বাঘটি ভেতরে ঢুকলে স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ হয়ে যায়। বন দফতরের তৎপরতায় বারবার চা বাগান এলাকা থেকে চিতাবাঘ উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।