বিধানসভার শীতকালীন অধিবেশন ৪ ডিসেম্বর থেকে, পেশ হবে আটটি গুরুত্বপূর্ণ বিল

আগামী ৪ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। এই অধিবেশনে রাজ্য সরকারের তরফে মোট আটটি বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই এই বিলগুলিতে অনুমোদন দিয়েছে।
মন্ত্রিসভার অনুমোদনের পর বিলগুলি রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হবে। এরপরই তা বিধানসভায় পেশ করা হবে। প্রশাসনিক কাজকর্ম ও ব্যবসার পরিবেশ সহজতর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রিসভার অনুমোদিত বিলগুলোর তালিকায় রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের ১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের সংশোধনী বিল। এছাড়াও ভূমি ও ভূমি সংস্কার দফতরের ‘ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস থার্ড অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ পেশ করা হবে।
এমএসএমই ও বস্ত্র দফতরের অধীনে ‘ওয়েস্ট বেঙ্গল ইজ অফ ডুয়িং বিজনেস বিল ২০২৬’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশন বিল ২০২৬’ও এই অধিবেশনে আনা হবে। অর্থ দফতরের তরফে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল সেল ট্যাক্স সেটেলমেন্ট ডিসপিউট অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ পেশ করার কথা রয়েছে।
শ্রম দফতরের একাধিক সংস্কারের প্রস্তাবও এই তালিকায় রয়েছে। এর মধ্যে ‘ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল’-এর মাধ্যমে দোকানদারদের সারারাত দোকান খোলা রাখার সুযোগ দেওয়া হবে।
এছাড়াও, প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের একটি বিল এবং স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরের সরাই লাইসেন্স বাতিল সংক্রান্ত বিলও এই অধিবেশনে পেশ করা হবে বলে জানা গিয়েছে।