হুগলিতে আকভানের তাণ্ডব: ফসলের ব্যাপক ক্ষতি, কুইন্টাল প্রতি ধানে ২৬৪১ টাকা দেবে রাজ্য

গত ১৯ তারিখের ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হুগলি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ২৬ হাজার ৯৫৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ২৬ হাজার ৬৪ হেক্টর, সর্ষে ১৭২ হেক্টর, মসুর ডাল ৭০৭ হেক্টর এবং ১৫ হেক্টর জমির ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গোঘাট ১ ও ২, আরামবাগ এবং খানাকুল ১ ও ২ ব্লকে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। কৃষকদের কৃষি রক্ষক হেল্পলাইন নম্বর ১৪৪৪৭, হোয়াটসঅ্যাপ নম্বর ৭০৬৫৫১৪৪৪৭ এবং পিএমএফবিওয়াই পোর্টালের মাধ্যমে ২৬ নভেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ব্লকের বিডিওদের দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আগামী ১ ডিসেম্বর থেকে জেলায় সরকারিভাবে ধান কেনা শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। হুগলিতে মোট তিন লক্ষ ২৭ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কিষান এবং কৃষক বন্ধু প্রকল্পের তালিকাভুক্ত কৃষকদের থেকে এই ধান কেনা হবে। ই-প্যাডি পোর্টালে কেওয়াইসি ও বৈধ ব্যাংক অ্যাকাউন্টসহ নাম নথিভুক্ত করতে হবে। সরকারিভাবে প্রতি কুইন্টাল ধানের দাম নির্ধারণ করা হয়েছে ২৪৪১ টাকা। এর সঙ্গে খাদ্য দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ২০০ টাকা বোনাস দেওয়া হবে, ফলে কৃষকরা মোট ২৬৪১ টাকা প্রতি কুইন্টাল দরে ধান বিক্রির সুযোগ পাবেন। প্রতিটি কৃষক পরিবার থেকে সর্বোচ্চ ৪৫ কুইন্টাল ধান কেনা হবে। সরকার অনুমোদিত সিপিসি কেন্দ্রগুলিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধান সংগ্রহের কাজ চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *