জরায়ুমুখের ক্যানসার ছাড়াও পুরুষদের একাধিক রোগের ঝুঁকি, কেন জরুরি HPV টিকা?

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV সংক্রমণ শুধু নারীদের জরায়ুমুখের ক্যানসারের কারণ নয়, এটি পুরুষদের স্বাস্থ্যের জন্যও সমান ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভাইরাসের কারণে পুরুষদের পেনাইল ক্যানসার, মুখগহ্বরের ক্যানসার এবং অ্যানাল ক্যানসারের মতো মরণব্যাধি হতে পারে। এছাড়া যৌনাঙ্গে আঁচিল বা জেনিটাল ওয়ার্টসের মতো সমস্যার পেছনেও এই ভাইরাসের ভূমিকা রয়েছে।
চিকিৎসকদের মতে, HPV একটি যৌনবাহিত সংক্রমণ। পুরুষরা এই ভাইরাসের বাহক হিসেবে কাজ করতে পারেন এবং তাঁদের মাধ্যমেই নারীদের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ছেলে ও মেয়ে উভয়কেই টিকাকরণের আওতায় আনার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জেন্ডার নিউট্রাল টিকাকরণ পদ্ধতির মাধ্যমে উভয় লিঙ্গকে সুরক্ষিত রাখা প্রয়োজন।
নতুন ননাভ্যালেন্ট ভ্যাকসিন ভাইরাসের ন’টি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, যা ক্যানসার ও অন্যান্য সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। দেশের নির্দেশিকা অনুযায়ী, ৯ থেকে ১৪ বছর বয়সের মধ্যে HPV টিকা নেওয়া সবচেয়ে আদর্শ। তবে ১৫ বছরের ঊর্ধ্বে টিকাকরণের ক্ষেত্রে ডোজের সংখ্যা ভিন্ন হতে পারে। আন্তর্জাতিক নির্দেশিকা অনুযায়ী ২৬ বছর বয়স পর্যন্ত এই টিকা নেওয়া সম্ভব। বর্তমানে সাধারণ মানুষের মধ্যে HPV টিকা নিয়ে সচেতনতার অভাব রয়েছে, বিশেষ করে ছেলেদের এই টিকা দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেকেই অবগত নন। এই সচেতনতার ঘাটতি দূর করাই এখন বড় চ্যালেঞ্জ।