বিদেশ যাওয়ার স্বপ্ন অধরাই! তারাতলার ধ্বংসস্তূপে তলিয়ে গেল কাটোয়ার রোহিতের জীবন

কলকাতার তারাতলায় নির্মাণাধীন গুদাম ধসে মৃত রোহিত চৌধুরীর দেহ পৌঁছাল কাটোয়ায়

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদাম ধসে প্রাণ হারানো কাটোয়ার গাজীপুর গ্রামের বাসিন্দা বছর কুড়ির তরুণ রোহিত চৌধুরীর নিথর দেহ বৃহস্পতিবার গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। সংসারের আর্থিক অনটন দূর করার স্বপ্ন নিয়ে বছর ছয়েক আগে কাজের সন্ধানে কলকাতায় যাওয়া রোহিত এই দুর্ঘটনায় প্রাণ হারান। পক্ষাঘাতগ্রস্ত বাবা ও সবজি বিক্রেতা মায়ের অভাবের সংসারে আলো জ্বালাতে চাওয়া এই তরুণের আইটিআই-তে পড়ার এবং ভবিষ্যতে বিদেশে যাওয়ার স্বপ্ন দুর্ঘটনায় চিরতরে শেষ হয়ে গেল। মায়ের কাছে ৫ জুলাই কাকার বিয়েতে বাড়ি ফেরার প্রতিশ্রুতি দিলেও তা আর রাখা হলো না রোহিতের।

একই ঘটনায় গুরুতর আহত হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ বছর বয়সী রামপ্রসাদ চৌধুরী। তাঁর কোমরে আঘাতের পাশাপাশি মাথা ও ডান পায়ে গুরুতর চোট রয়েছে, যা তাঁর পরিবারের সদস্যদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রামপ্রসাদ পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তাঁর দুর্ঘটনা পরিবারটিকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং গুদাম মালিক ও নির্মাণ সংস্থার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *