বাল্যবিবাহ রুখতে বিয়ের কার্ডে বাধ্যতামূলক জন্মতারিখ!
বাল্যবিবাহ রোধে এবার অভিনব ও কঠোর পদক্ষেপ নিতে চলেছে মহারাষ্ট্র সরকার। বুধবার বিধানসভায় রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অদিতি তটকরে জানিয়েছেন, এখন থেকে বিয়ের নিমন্ত্রণপত্রে হবু বর ও কনের আসল জন্মতারিখ ছাপানো বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। রাজস্থানের মডেল অনুসরণ করে এই নিয়ম চালু করার বিষয়ে গ্রামীণ উন্নয়ন ও আইন বিভাগের সঙ্গে আলোচনা চলছে। আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যে বাল্যবিবাহের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।
বিধানসভায় পেশ করা তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে বাল্যবিবাহের হার ২০১৯-২১ সালের ২১.৯ শতাংশ থেকে কমে ২০২৩-২৪ সালে ১৯.৬ শতাংশে দাঁড়িয়েছে। চলতি অর্থবর্ষে প্রশাসন ১,৪৩৪টি বাল্যবিবাহ রুখেছে এবং ১৩৬টি এফআইআর দায়ের করেছে। এই ধরনের বিয়েতে সহায়তাকারী পুরোহিত, মৌলবি কিংবা ব্যান্ড দলের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া, পরিযায়ী শ্রমিক অধ্যুষিত বিড় ও মারাঠাওয়ারার মতো ছয়টি জেলাকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে এবং শিশুদের সুরক্ষায় চাইল্ড কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।