তারাতলায় ভেঙে পড়ল ৫ তলার গুদাম, ধ্বংসস্তূপে আটকে বহু!
কলকাতা শহরের তারাতলার ব্রেসব্রিজ এলাকায় নির্মীয়মাণ একটি পাঁচতলা গুদামের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ঘটনার সময় ওই গুদামে কাজ করার সময় ৪০-৫০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকারী দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী (DMG) এবং কলকাতা পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। এখন পর্যন্ত ১৬ জন শ্রমিককে জীবিত উদ্ধার করে গ্রিন করিডোরের মাধ্যমে এসএসকেএম (SSKM) হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাটি কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জায়গাটি লিজ নিয়ে প্রায় দেড় বছর ধরে সেখানে চা গুদামের নির্মাণকাজ চালাচ্ছিল। স্থানীয়দের দাবি, বুধবার সকাল থেকেই নির্মীয়মাণ বহুতলটির কাঠামো অস্বাভাবিকভাবে দুলছিল। দুপুরে শ্রমিকরা সমস্যার কারণ খতিয়ে দেখার সময় হঠাৎই পাঁচতলার লোহার বিম ও ছাদ ভেঙে পড়ে।
উদ্ধারকারীরা গ্যাসকাটার দিয়ে লোহার বিম কেটে এবং জেসিবি যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছেন। দুর্ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। রাজ্য সরকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ আপৎকালীন কন্ট্রোল রুম খুলেছে এবং নবান্ন থেকে ঘটনার সরাসরি নজরদারি করা হচ্ছে। সাধারণ মানুষ ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের প্রয়োজনে ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ০৩৩-২২১৪৩৫২৬ এবং ০৩৩-২২৫৩৫১৮৫ হেল্পলাইন নম্বরগুলো চালু করা হয়েছে।