তারাতলা বিপর্যয়ের জেরে থমকে গেল কলকাতার নির্মাণকাজ, ৩১ জুলাই পর্যন্ত জারি নিষেধাজ্ঞা!
কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে তিনজনের মৃত্যুর ঘটনার পর বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, পূর্বতন সরকারের আমলে অনুমোদিত কলকাতার সমস্ত বহুতল ও বাড়ির নির্মাণ কাজ আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। নির্মাণকাজগুলোর যথাযথ মান ও নিরাপত্তা যাচাইয়ের জন্য রাজ্যের পূর্ত, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ এবং পুরসভার আধিকারিকদের নিয়ে একটি বিশেষ প্রতিনিধিদল গঠন করা হয়েছে। অডিট প্রক্রিয়ায় যেসব নির্মাণ বৈধ ও নিয়মমাফিক প্রমাণিত হবে, সেগুলো ১ অগস্ট থেকে পুনরায় শুরু করা যাবে, তবে জরুরি পরিষেবার আওতাভুক্ত নির্মাণকাজ এই স্থগিতাদেশের বাইরে থাকবে।
তারাতলার ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ভেঙে পড়া গুদামের বিল্ডিং প্ল্যানে বড় ধরনের গাফিলতি ছিল এবং আগের সরকারের আমলে নিয়ম বহির্ভূতভাবে নকশা অনুমোদন করা হতো। চলতি বছরের ১৭ জানুয়ারি কলকাতা পুরসভায় এই গুদামটির প্ল্যান পাশ হয়েছিল এবং জমিটি পোর্ট ট্রাস্টের থেকে লিজ নেওয়া হয়েছিল। এছাড়া শুধু কলকাতা নয়, বিধাননগর ও হাওড়া পুরসভাতেও প্রয়োজনে এ ধরনের অডিট করা হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দুর্ঘটনা ও হতাহতদের ক্ষতিপূরণ নিয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার বিধানসভায় ঘোষণা করা হবে।