রাজ্যের প্রথম বাজেটেই কল্পতরু সরকার, ছাত্রীদের ৫০ হাজার ও মেধাবীদের ৩০ হাজার অনুদান!

কলকাতা: বিধানসভায় পেশ হলো শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা এই বাজেটে ছাত্র-ছাত্রী, বেকার যুবক-যুবতী, সরকারি কর্মচারী এবং বিভিন্ন শ্রেণির কর্মীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করা হয়েছে। রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধি এবং শিক্ষার প্রসারে এই বাজেটে একাধিক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাজেট অনুযায়ী, অবিবাহিত ছাত্রীদের পড়াশোনার জন্য ৫০ হাজার টাকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া মেধাবীদের ৩০ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য ‘ভরসা’ কর্মসূচির মাধ্যমে ৩ হাজার টাকা ভাতা এবং প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার খোলা হবে। পাশাপাশি, সরকারি ক্ষেত্রে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে ৩৩ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) ২০ শতাংশ বাড়িয়ে মোট ৩৮ শতাংশ করা হয়েছে, যা ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এছাড়া, আশা, আইসিডিএস কর্মী, হোমগার্ড, সিভিক ভলান্টিয়ারসহ বিভিন্ন স্তরের কর্মীদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে এবং বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে আদর্শ বিদ্যালয় তৈরির জন্য ২,১০০ কোটি টাকা এবং সংস্কৃত ভাষার প্রসারে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দুটি নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনাও রয়েছে এই বাজেটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *