বর্ষার দাপটে বিপর্যস্ত বাংলা, জারি লাল ও কমলা সতর্কতা!
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গজুড়ে শুরু হয়েছে তীব্র বৃষ্টিপাত। টানা ভারী বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গেও শুক্রবার থেকে বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যের দুই প্রান্তেই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকবে, যার ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। এসব জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার এবং কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও জটিল হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কারণে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা জারি রয়েছে। লাগাতার বৃষ্টির জেরে নদীগুলোর জলস্তর বৃদ্ধি এবং পাহাড়ী এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।