পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের ভয়াবহ প্রত্যাঘাত, ডুরান্ড পেরিয়ে গুঁড়িয়ে গেল আইএস ঘাঁটি!
পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালিবান বাহিনী। ডুরান্ড লাইন অতিক্রম করে খাইবার পাখতুনখোয়া ও বালোচিস্তানে চালানো এই সামরিক অভিযানে ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্সের (ISIS-K) একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। আফগান প্রশাসনের দাবি, পাকিস্তানের গুলিস্তান, শাকার আব এবং কাম্বার খেল এলাকায় অবস্থিত এই ঘাঁটিগুলো থেকে আফগানিস্তানে নাশকতার ছক কষা হচ্ছিল, তাই আত্মরক্ষার প্রয়োজনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ৯ জুন রাতে আফগানিস্তানের খোস্ত, কুনার এবং পাকতিকা অঞ্চলে পাকিস্তানের চালানো বিমান হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা পদক্ষেপ নিল তালিবান। ড্রোন হামলার পাশাপাশি পাক সেনার একাধিক সীমান্ত চৌকি ও সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে আফগান বাহিনী। এই পালটা হামলার জেরে ডুরান্ড লাইন বরাবর চরম সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘর্ষের ফলে এ পর্যন্ত ৯৪ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং স্বাস্থ্যকেন্দ্র, ত্রাণকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে মানবিক সংকট দেখা দিয়েছে।