বরুণ বিশ্বাস খুনের ফাইল খুলুক সরকার, ন্যায়বিচারের আশায় পরিবার!
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৪ বছর পর আবারও আলোচনায় উঠে এসেছে প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ড। প্রকৃত বিচারের আশায় প্রয়াত শিক্ষকের পরিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পরিবারের অভিযোগ, ২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙা স্টেশন চত্বরে শিক্ষক বরুণ বিশ্বাসকে হত্যার নেপথ্যে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সরাসরি যোগসাজশ ছিল। এই দাবিকে সমর্থন জানিয়ে বর্তমান মন্ত্রী অগ্নিমিত্রা পাল দীর্ঘসময় ধরে ঝুলে থাকা এই মামলার ফাইল পুনরায় খোলার আহ্বান জানিয়েছেন।
২০১২ সালে সুঁটিয়া এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ও গণধর্ষণের বিরুদ্ধে বরুণ বিশ্বাস সোচ্চার হওয়ায় তাঁকে প্রাণ দিতে হয়েছিল। ওই হত্যাকাণ্ডে ৯ জনকে গ্রেফতার করা হলেও গত এক যুগে বিচার প্রক্রিয়া থমকে ছিল বলে পরিবারের অভিযোগ। তাদের দাবি, পূর্ববর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ায় বারবার বাধা সৃষ্টি করা হয়েছিল এবং প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের ভাষ্যমতে, বরুণের বাবাকে দিয়ে ক্লিনচিট দেওয়ার চেষ্টাও করা হয়েছিল। তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, পরিবারের দাবিকৃত এই নতুন তদন্ত যেন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার না হয়ে ওঠে। এখন প্রশাসনিক তৎপরতার মাধ্যমে মামলার মোড় ঘোরে কি না, সেদিকেই নজর সকলের।