নেতা-মন্ত্রীদের ওপর ডিম বৃষ্টি! হামলা রুখতে আদালতের পথে তৃণমূল?
রাজ্যজুড়ে তৃণমূল নেতা-কর্মীদের ওপর ধারাবাহিক হামলা এবং বিশেষ করে জনসমক্ষে ডিম ছোড়ার মতো ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষস্থানীয় নেতা, সাংসদ ও বিধায়কদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবিতে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে শাসকদল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই মামলাটি করা হয়েছে এবং মঙ্গলবারই এর শুনানির সম্ভাবনা রয়েছে।
আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কুণাল ঘোষ ও মদন মিত্রের ওপর সাম্প্রতিক হামলা, গাড়ি ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। সোনারপুর, চণ্ডীতলা, কালীঘাট ও কামারহাটির একাধিক ঘটনার উল্লেখ করে পুলিশি হেফাজতের সময় ধৃত নেতাদের কোমরে দড়ি বেঁধে ঘোরানোর মতো প্রক্রিয়ারও তীব্র বিরোধিতা করা হয়েছে। মূলত রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ মানুষের একাংশের দ্বারা নেতাদের হেনস্থা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল।