বাজেটেই কি ডিএ নিয়ে বড় চমক, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ছে ১০ শতাংশ?

সোমবার বিধানসভায় ২০২৬-২৭ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সত্ত্বেও নতুন সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি ও অগ্রাধিকারের প্রতিফলন ঘটবে এই বাজেটে। এবারের বাজেটে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে অর্থমন্ত্রী কী ঘোষণা করেন, তা নিয়েই নবান্নে চলছে জোর চর্চা। বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের ‘সঙ্কল্পপত্র’-এ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার বাস্তবায়ন নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর নজর রয়েছে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পেলেও রাজ্যের কর্মীরা পাচ্ছেন ২২ শতাংশ, যার ফলে উভয় স্তরের মধ্যে ৩৬ শতাংশের ব্যবধান তৈরি হয়েছে। রাজকোষের বর্তমান সংকটের মধ্যেও এই প্রতিশ্রুতি রক্ষায় অর্থমন্ত্রী ১০ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারেন বলে নবান্ন সূত্রের খবর। অন্যদিকে, ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ ১৫ শতাংশ ডিএ বৃদ্ধির আশা করছে। একইসঙ্গে এই বাজেটে সামাজিক প্রকল্পের আর্থিক দায় এবং বিপুল ঋণের বোঝা সামলে কর্মচারীদের দাবি পূরণ করা নতুন সরকারের কাছে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *