প্রাতর্ভ্রমণে বেরিয়ে অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, ভর্তি এমসে

প্রাতর্ভ্রমণে বেরিয়ে অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, ভর্তি এমসে

বুধবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। হাঁটতে হাঁটতে আচমকা মাথা ঘুরে তিনি মাটিতে পড়ে যান এবং সংজ্ঞা হারান। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শে তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ স্থানান্তরিত করা হয়।

বর্তমানে ৭৫ বছর বয়সি প্রাক্তন উপরাষ্ট্রপতিকে এমসের কার্ডিয়ো-নিউরো সেন্টারে ভর্তি রাখা হয়েছে। কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এর আগেও একাধিকবার তিনি সংজ্ঞা হারানোর সমস্যায় ভুগেছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে ধনখড়ের শারীরিক অসুস্থতা নিয়ে একাধিকবার উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৫ সালের মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে এমসের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হওয়ার পর তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছিল। এছাড়া ওই বছরের জুন মাসে নৈনিতালে এবং জানুয়ারি মাসে নিজের বাড়িতেও তিনি অসুস্থ হয়ে সংজ্ঞা হারিয়েছিলেন। দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা ধনখড় এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেও কর্মরত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *