পুষ্পা ২-এর প্রদর্শনীতে মর্মান্তিক মৃত্যু! আইনি বিপাকে আল্লু অর্জুন?
হায়দরাবাদের নামপল্লী আদালত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে একটি ফৌজদারি মামলায় ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছে। আগামী ২২ জুন তাঁকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। গত ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে হায়দরাবাদের একটি থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার বিশেষ প্রদর্শনী চলাকালীন মাত্রাতিরিক্ত ভিড় এবং পদপিষ্ট হওয়ার ঘটনায় এক নারীর মৃত্যুর মামলার ১৯ জন অভিযুক্তের মধ্যে আল্লু অর্জুন অন্যতম। এই ঘটনায় রেবতী নামের এক নারী নিহত হন এবং তাঁর ছেলে শ্রীতেজ গুরুতর আহত হন।
পুলিশের তদন্তে উঠে এসেছে যে, জনাকীর্ণ ওই থিয়েটারে উপযুক্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের অভাবই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ। এই ঘটনায় চিক্কড়পল্লী পুলিশ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে, যার মধ্যে আল্লু অর্জুনকে ১১ নম্বর অভিযুক্ত করা হয়েছে। এদিকে, অভিনেতার আইনি দল সমন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার পর আল্লু অর্জুনের পরিবার আহত শ্রীতেজের চিকিৎসার পুরো দায়ভার এবং তাঁর ছোট বোনের পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে আদালত ১৯ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে।