ঢাকার রাজপথে মশাল হাতে উত্তাল সনাতন সমাজ, ক্ষোভে ফুঁসছে রাজপথ!
গাইবান্ধায় ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিমা অবমাননার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ঢাকার শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীরা একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করেন। হাজার হাজার আন্দোলনকারী ব্যানার, প্ল্যাকার্ড ও জলন্ত মশাল হাতে শাহবাগে জড়ো হয়ে প্রতিমা অবমাননার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ এলাকা, যেখানে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করা হয়।
বিক্ষোভকারীরা জানান, অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে সনাতনী সংগঠনগুলো প্রশাসনের উদ্দেশ্যে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে এবং আগামী রবিবার ধর্ম মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়ার ঘোষণা করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অপরাধীরা গ্রেপ্তার না হলে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার জেরে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।