পাহাড়ে ফের বিপর্যয়, শিলিগুড়ির সঙ্গে বিচ্ছিন্ন মিরিক!

টানা মুষলধারে বৃষ্টির জেরে আট মাসের ব্যবধানে আবারও বিপর্যয়ের মুখে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার রাতভর প্রবল বর্ষণে শিলিগুড়ির সঙ্গে মিরিকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ি নদী বালাসনের তীব্র স্রোতে কার্শিয়ংয়ের দুধিয়ার অস্থায়ী সেতুটি সম্পূর্ণ ভেসে গেছে। একইসঙ্গে ধসের কারণে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সড়কটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১১০ নম্বর জাতীয় সড়কসহ একাধিক রাস্তায় যান চলাচল অচল হয়ে পড়েছে। শুক্রবার সকাল পর্যন্ত পাহাড় ও সমতলের বিস্তীর্ণ এলাকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ধসের কারণে বহু এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং প্রচুর পর্যটক আটকা পড়েছেন। আটকে পড়া পর্যটকদের সুখিয়াপোখরি হয়ে দীর্ঘ ঘুরপথে শিলিগুড়ি ফিরতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় পর্যটন দফতর বিশেষ কন্ট্রোল রুম খুলেছে এবং ১৮০০-২১২১-৬৫৫ ও ০৩৫৩-২৫১৩৯৮৬ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে শনিবার উত্তরের দুটি জেলায় ভারী বৃষ্টিপাতের ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। প্রশাসন পর্যটকদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া সড়কপথে যাতায়াত না করার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *