পাড়ে এসেও শেষরক্ষা হলো না! বাজ পড়ে মালদায় মৃত ৪, আহত ১৯
মালদার বৈষ্ণবনগর থানার শিবপুর ঘাটে নৌকা থেকে নামার সময় বজ্রপাতে ৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে যাত্রীবোঝাই নৌকাটি শিবপুর ঘাটে পৌঁছানোর পর আকস্মিক দুর্যোগের কবলে পড়লে এই বিপত্তি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ধুলিয়ান থেকে ছাড়ার সময় আবহাওয়া স্বাভাবিক থাকলেও মাঝপথে প্রবল দুর্যোগ শুরু হয়। নৌকাটি ঘাটে ভিড়তেই বিকট শব্দে বজ্রপাত হলে যাত্রীরা সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে ধুলিয়ান হাসপাতাল ও অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন এবং আহত ১৯ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জঙ্গিপুরের পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রশাসন আহত ও মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।