বিধানসভায় টুটু বসুর স্মরণে শোকের ছায়া, শ্রদ্ধা জানিয়ে মুলতুবি অধিবেশন!

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। বিধানসভা কক্ষে শোকপ্রস্তাব পাঠ করেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। তিনি বিশিষ্ট ব্যক্তিত্ব তথা ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার প্রতিষ্ঠাতা মোহনবাগান রত্ন স্বপন সাধন (টুটু) বসুর বর্ণময় জীবন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন। স্পিকারের আহ্বানে সাড়া দিয়ে বিধানসভার সকল সদস্য দাঁড়িয়ে নির্দিষ্ট সময় নীরবতা পালন করেন। প্রয়াত টুটু বসু ছাড়াও মুকুল রায়, আবু হাসেম খান চৌধুরী, সুধাংশু শীল, আশা ভোঁসলে, অনিক দত্ত ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মতো বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্রদের প্রতিও এ দিন শ্রদ্ধা জানানো হয়। প্রথা অনুযায়ী, শোকপ্রস্তাব ও নীরবতা পালনের পর অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়।

আগামী ২২ জুন রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে যাচ্ছে। কার্য উপদেষ্টা কমিটির নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক আর্থিক বিবৃতি বিধানসভায় পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন সরকারের এই প্রথম বাজেট নিয়ে রাজ্যের অর্থনৈতিক রূপরেখা ও সরকারি নীতি কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা চলছে। শোকের আবহে এ দিনের অধিবেশন শেষ হলেও, আগামী সপ্তাহ থেকে বিধানসভায় চরম রাজনৈতিক তৎপরতা শুরু হওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *