পরকীয়ার জেরে ভয়াবহ পরিণতি, স্ত্রীকে খুন করে মেট্রোর লাইনে ঝাঁপ দিলেন স্বামী!
হুগলির রিষড়ার নতুন গ্রাম এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে নৃশংসভাবে খুনের পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন স্বামী। শুক্রবার রাতে রিষড়া তিন নম্বর গভর্মেন্ট কলোনি সংলগ্ন এলাকায় ৩২ বছর বয়সী মনিকা সরকার নামে এক গৃহবধূকে গলা কেটে খুন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর মনিকার নিথর দেহ এবং পাশে তাঁদের ৬ বছরের শিশুকন্যাকে উদ্ধার করে। এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, দিল্লিতে কর্মরত মনিকার স্বামী দীপঙ্কর সরকার কয়েকদিন আগেই বাড়িতে ফিরেছিলেন। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে—এমন সন্দেহের বশেই দীপঙ্কর তাঁকে শ্বাসরোধ ও পরে গলা কেটে হত্যা করেন। খুনের ঘটনার পরেই পলাতক দীপঙ্করের সন্ধানে বিএনএস-এর ৮৫/১০৩(১) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তবে তদন্তের মাঝপথেই জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে উত্তর কলকাতার বেলগাছিয়া মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দীপঙ্কর নিজেও আত্মহত্যা করেছেন। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।