নাচে আপত্তি, কুড়ালের কোপে স্ত্রী-সন্তানদের খুন করে আত্মঘাতী স্বামী!
মধ্যপ্রদেশের মোরেনা জেলার কিষাণপুর গ্রামে পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রী ও দুই সন্তানকে কুড়ালের আঘাতে খুনের পর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃত বলরাম কুশওয়াহার বিরুদ্ধে অভিযোগ, শুক্রবার গভীর রাতে তিনি নির্মমভাবে তার পরিবারের সদস্যদের হত্যা করেন। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির উঠোনে তিনটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। একই সময়ে রেললাইন থেকে বলরামের দেহও উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলরামের স্ত্রী রবিতা প্রায় ১০ দিন আগে গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠানে নাচ করেছিলেন, যা নিয়ে দম্পতির মধ্যে বিবাদের সূত্রপাত হয়। এই ঘটনার জেরে শারীরিক নির্যাতনের শিকার হয়ে রবিতা বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। পরবর্তীতে ২৪ জুন তাকে ফেরানো হলেও পারিবারিক কলহ অব্যাহত ছিল। মোরেনার ডিএসপি (সদর) বিজয় ভাদোরিয়া জানিয়েছেন, দীর্ঘদিনের অশান্তিই এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সবিস্তার তদন্ত শুরু করেছে পুলিশ।