ধর্ষণের অভিযোগে ধৃত বিধায়ক পরেশ রাম দাসের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ও ৬টি মোবাইল বাজেয়াপ্ত

ধর্ষণের অভিযোগে ধৃত বিধায়ক পরেশ রাম দাসের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ও ৬টি মোবাইল বাজেয়াপ্ত

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসকে সোমবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বই যাওয়ার পথে তাঁকে আটক করা হয়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে নগদ প্রায় ২ লক্ষ টাকা এবং ছ’টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত করা সামগ্রী এবং সিজ়ার লিস্ট মঙ্গলবার আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া মোবাইলগুলোর তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

বিধায়কের সঙ্গে থাকা বিকাশ সাহানি নামে এক সিভিক ভলান্টিয়ারকেও আটক করা হয়েছে। তিনি ক্যানিং এলাকায় আইবি-তে কর্মরত ছিলেন। পুলিশের অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার বিধায়ককে পুলিশের গোপন তথ্য পাচার করতেন। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, ক্যানিংয়ের একটি মারামারির ঘটনায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে অতীতেও দুর্নীতি, রাজনৈতিক হিংসা ও প্রতারণার মতো একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে এক মহিলার কাছ থেকে চার লক্ষ টাকা নেওয়া এবং তাঁকে ধর্ষণের অভিযোগে বিধায়কের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগকারিণী জানিয়েছেন, ভয়ে এতদিন তিনি মুখ খোলেননি। বিভিন্ন মামলায় অভিযুক্ত বিধায়ক গত বেশ কিছু দিন গা-ঢাকা দিয়ে ছিলেন এবং তদন্তে সহযোগিতা করছিলেন না বলে পুলিশের দাবি। লুক আউট নোটিস থাকায় শেষ পর্যন্ত বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *