দেশ রক্ষায় আত্মত্যাগী সেই ৬ বীর শহিদের নাম প্রকাশ করল ভারত!
গত বছর পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ভারতীয় বাহিনীর দুঃসাহসী অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ শহিদ হওয়া ছয় জওয়ানের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নিতে পরিচালিত এই অভিযানে আত্মত্যাগকারী বীর যোদ্ধাদের নাম এখন নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মারকের ‘রোল অফ অনার’-এ স্থান পেয়েছে। এতদিন এই অভিযান নিয়ে নানা জল্পনা থাকলেও, সেনার এই পদক্ষেপের মাধ্যমে ছয় শহিদের সরকারি স্বীকৃতি নিশ্চিত করা হলো।
২০২৫ সালের মে মাসে পরিচালিত এই অভিযানে সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী। জাতীয় যুদ্ধ স্মারকের ‘ওয়াল ৩ডি’-তে শহিদ হিসেবে নাম খোদাই হওয়া ছয় বীর হলেন—সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার (বীর চক্র), ল্যান্স নায়েক দিনেশ কুমার, এভিয়েশন টেকনিশিয়ান মুড মুরালিনায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং সার্জেন্ট সুরেন্দ্র কুমার (বায়ু মেডেল)। সেনা সূত্রে জানানো হয়েছে, এই ছয় জওয়ান দেশের সেবায় সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।