দেড় কোটি বছর আগের হাঙ্গরের দাঁত! ওড়িশার বারিদা কি তবে একসময় সমুদ্র ছিল?
ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় দেড় কোটি বছরের পুরনো মায়োসিন যুগের জীবাশ্মের সন্ধান পেয়েছেন গবেষকরা। বারিদা ফসিল বেডের কুলিয়ানা ব্লকের ডেরা থেকে বাদাসাহি ব্লকের প্রতাপপুর পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে এই জীবাশ্মগুলো পাওয়া গেছে। মহারাজা শ্রীরামচন্দ্র ভঞ্জ দেও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ দেবব্রত নন্দীর নেতৃত্বে গবেষক দলটি হাঙ্গরের দাঁত, মাছের হাড়, শিরদাঁড়া, ঝিনুকের খোলস এবং বিভিন্ন আণুবীক্ষণিক সামুদ্রিক জীবের ফসিল উদ্ধার করেছেন। এই আবিষ্কার প্রমাণ করে যে, আজকের বারিদা ও তার পার্শ্ববর্তী অঞ্চল একসময় অগভীর সমুদ্রের নিচে ছিল।
স্থানীয়ভাবে ‘অসুর হাড্ড’ বা ‘দৈত্যের হাড়’ হিসেবে পরিচিত এই জীবাশ্মগুলো নিয়ে বিশদ গবেষণার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে সমুদ্র উপকূল থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থলভূমি কীভাবে তৈরি হলো এবং কেন সমুদ্র সরে গেল, তা উদঘাটনে জলবায়ু ও ভূ-প্রাকৃতিক গবেষণার ওপর জোর দেওয়া হয়েছে। ওড়িশার একমাত্র এই মায়োসিন যুগের ফসিল বেডকে ‘জিও-হেরিটেজ সাইট’ ঘোষণার দাবি উঠেছে। এছাড়া এখানে ফসিল পার্ক গড়ে তোলা হলে তা বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষা এবং ভূ-পর্যটনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।