যোগ দিবসের ফতোয়াকে চ্যালেঞ্জ, সরকারি কর্মচারীরা কি ক্রীতদাস!

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনকে কেন্দ্র করে রেড রোডের অনুষ্ঠানে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করার সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে বামপন্থী সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। রাজ্যের মুখ্যসচিবের জারি করা ওই নির্দেশিকায় সমস্ত স্থায়ী ও অস্থায়ী সরকারি কর্মী ও আধিকারিকদের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করার কথা বলা হয়েছে। এই নির্দেশিকাকে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ এবং অসাংবিধানিক দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কর্মচারী সংগঠনটি।

আদালতে মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, যোগচর্চা ভালো হলেও এভাবে কর্মীদের বাধ্য করা যায় না। অন্যদিকে, রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য দাবি করেছেন, সরকার কাউকে বাধ্য করছে না, বরং অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনা করে কর্মীদের অনুরোধ করা হয়েছে। উভয় পক্ষের সওয়াল-জওয়াব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা আগামী শুক্রবারের মধ্যে এই বিষয়ে রাজ্যকে হলফনামা দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *