দিল্লিকে রক্তাক্ত করার বড় ছক বানচাল, রাজধানীতে জারি হাই অ্যালার্ট!
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার একটি ছক বানচাল করেছে দিল্লি পুলিশ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ধারাবাহিক বিস্ফোরণ ও রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। গোপন সংবাদের ভিত্তিতে দিল্লি পুলিশের স্পেশাল সেলের ‘ইস্টার্ন রেঞ্জ’ অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত সাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পর পুরো দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
তদন্তে জানা গেছে, ধৃতরা পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভট্টি ও আজমল গুজ্জরের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করছিল। ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে পাঞ্জাব হয়ে অস্ত্র, গোলাবারুদ ও মাদক ভারতের বিভিন্ন প্রান্তে পাচার করত এই চক্রটি। এছাড়া ধৃতদের কাছ থেকে উদ্ধার করা ইলেকট্রনিক গ্যাজেট থেকে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকার ছবি ও নথিপত্র পাওয়া গেছে। আইইডি বিস্ফোরণের পাশাপাশি জনবহুল এলাকায় গাড়ি বোমা ও আত্মঘাতী হামলার মাধ্যমে নির্বিচার হত্যার নীল নকশা তৈরি করেছিল তারা। এর আগে একই মডিউলের ৯ জঙ্গিকে গ্রেপ্তারের এক মাসের মাথায় আবারও নতুন করে জঙ্গি তৎপরতা শনাক্ত হওয়ায় দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।