ফেসবুকে প্রেম থেকে ১০ বছরের সংসার, সন্তানদের ফেলে বাংলাদেশে ফেরার আদেশে অসহায় কাজল!
ফেসবুক বন্ধুত্বের সূত্র ধরে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে এসে ১০ বছর সংসার করার পর আইনি জটিলতায় পড়েছেন বাংলাদেশের তরুণী কাজোলি বেবো। গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা তরুণ প্যাটেলের সঙ্গে সম্পর্কের টানে ভারতে আসার পর তিনি নিজের নাম পরিবর্তন করে ‘কাজল প্যাটেল’ হিসেবে সনাতন হিন্দু রীতিনীতি মেনে জীবনযাপন করছিলেন। দীর্ঘ এই দাম্পত্য জীবনে তাঁদের সংসারে দুটি পুত্রসন্তান রয়েছে। তবে সম্প্রতি গুজরাট পুলিশের অবৈধ অনুপ্রবেশবিরোধী অভিযানে বৈধ নথিপত্র দেখাতে না পারায় কাজলকে আটক করে সরকারি নারী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে এবং তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
কাজলের এই আকস্মিক গ্রেফতারিতে পুরো পরিবার ভেঙে পড়েছে এবং সন্তানদের নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মা ছাড়া দুই বছরের শিশুপুত্রসহ অন্য সন্তানটিও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বামী তরুণ প্যাটেল জানিয়েছেন, ধর্ম পরিবর্তনের কারণে কাজলকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাঁর সামাজিক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। বর্তমানে প্রশাসনিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজলকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।