ত্রুটিযুক্ত নকশায় মেয়রের সই! ফিরহাদকে নিশানা করে সরব শুভেন্দু

তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উঠেছে বিল্ডিং প্ল্যানে ত্রুটির অভিযোগ। বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ভবনটির বেআইনি ও ত্রুটিযুক্ত নকশায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে নস্যাৎ করেছেন ফিরহাদ হাকিম।

নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে ফিরহাদ হাকিম জানান, কলকাতা পুরসভার নিয়ম অনুযায়ী কোনো ইমারতের নকশা অনুমোদনের আইনি এক্তিয়ার মেয়রের নেই। বিল্ডিং প্ল্যান যাচাইয়ের বিষয়টি পুরোপুরি প্রযুক্তিগত বিশেষজ্ঞদের কাজ এবং তিনি নিজে ইঞ্জিনিয়ার না হওয়ায় নকশার বৈধতা যাচাই করতে পারেন না। রুটিন ফাইল হিসেবে কমিশনারের হাত ঘুরে অনুমোদনের তালিকায় থাকা নথিতে স্বাক্ষর থাকলেও, এর নকশাগত ত্রুটির দায়বদ্ধতা নির্দিষ্টভাবে মেয়রের ওপর বর্তায় না বলেই তিনি দাবি করেছেন।

এদিকে, এই বিপর্যয়ের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। গাফিলতি প্রমাণিত হলে দোষীদের কারাদণ্ডের পাশাপাশি নতুন আইন প্রণয়ন করে সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফিরহাদ হাকিম জানান, তিনি নিজে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এসএসকেএম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *