বনশালির সেটে মর্মান্তিক মৃত্যু! পরিচালকের বিরুদ্ধে FIR ও ১ কোটি টাকার দাবি
মুম্বইয়ের ফিল্ম সিটির কাছে সঞ্জয় লীলা বনশালির আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ৪২ বছর বয়সী কার্পেন্টার চন্দ্রধারী সিং যাদবের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তাল বলিউড। গত ১৭ জুন ‘রয়্যাল পাম্প স্টুডিও’-তে সেট তৈরির কাজ চলাকালীন এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতের মৃত্যুর কারণ নিয়ে ভিন্নমত পোষণ করেছে বিভিন্ন সংগঠন; যেখানে এফডব্লিউআইসিই (FWICE) বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার দাবি করছে, সেখানে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) দাবি করেছে যে সেটের একাংশ বা ছাদ ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে এবং এতে আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কঠোর আইনি পদক্ষেপের পথে হেঁটেছে এআইসিডাব্লিউএ (AICWA)। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে মৃত শ্রমিকের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ ও তাঁর স্ত্রীর জন্য কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, পরিচালক ও প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের, নিরপেক্ষ উচ্চপর্যায়ের তদন্ত এবং নিরাপত্তা অডিট সম্পন্ন না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখার বিষয়টিও নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।