টালায় পাইপলাইন মেরামতির কাজ চলছে, কলকাতা জুড়ে পানীয় জলের তীব্র সঙ্কট

টালা সেতুর নিচে ব্রিটিশ আমলের ভূগর্ভস্থ প্রধান পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট তৈরি হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই সমস্যায় শহরের বহু এলাকায় জল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভা বিকল্প পথে জল সরবরাহের উদ্যোগ নিয়েছে। টালা সেতু ও মন্মথ গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলের কাছে ১২০০ মিলিমিটার ব্যাসার্ধের একটি পাইপলাইনকে ১৮০০ মিলিমিটারের মূল পাইপলাইনের সঙ্গে যুক্ত করার কাজ শুরু হয়েছে। তবে শুক্রবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
পাইপলাইনের ফাটল মেরামতির কাজের জন্য বুধবার বেলগাছিয়া, তারাশঙ্কর সরণি ও সংলগ্ন এলাকায় জল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া সোনাগাছি লেন, দুর্গাচরণ মিত্র স্ট্রিট, বাগবাজার, শোভাবাজার, এন্টালি, গিরিশ পার্ক, আহিরিটোলা, শিয়ালদহ এবং দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ও কসবার মতো এলাকাগুলিতেও জলের সমস্যা প্রকট। পুরসভার দাবি, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি জলশূন্য করে মেরামতির কাজ শুরু করার জন্যই এই বিকল্প সংযোগের প্রয়োজন। কাজ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে স্বাভাবিক জল সরবরাহ সম্ভব নয় বলে জানানো হয়েছে।
জলসঙ্কট মোকাবিলায় পুরসভার তরফে বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। জরুরি প্রয়োজনে নাগরিকদের পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে অনেক বাসিন্দার অভিযোগ, ফোন করেও সব জায়গায় জলের গাড়ি পাওয়া যাচ্ছে না। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সব এলাকায় একসঙ্গে জলের গাড়ি পাঠানো সম্ভব হচ্ছে না। বাসিন্দাদের এই সময়ে জল ব্যবহারে সতর্কতা অবলম্বন এবং অপচয় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাইপলাইনের কাজ শেষ হলে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ।