জোকা মেট্রো এবার সরাসরি ইডেন গার্ডেন্স পর্যন্ত, যাত্রীদের জন্য খুশির খবর!
জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরটিকে আরও ১২০০ মিটার সম্প্রসারিত করে ইডেন গার্ডেন্স পর্যন্ত নিয়ে যাওয়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। সার্কুলার রেল স্টেশনের সঙ্গে মেট্রো পরিষেবাকে সরাসরি যুক্ত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সম্প্রসারণের ফলে মোহনবাগান ক্লাবের বিপরীতে ‘ইডেন গার্ডেন্স’ নামে একটি নতুন মেট্রো স্টেশন তৈরি হবে, যার জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রকল্পের আনুষঙ্গিক খরচের হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে এবং মোমিনপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত টানেল তৈরির কাজ শেষ হয়েছে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের নির্মাণকাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। রেল কর্তৃপক্ষের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৭-২৮ সালের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এই নতুন সম্প্রসারণের অনুমোদন প্রকল্পটির নির্মাণকাজে বাড়তি গতি সঞ্চার করবে বলে মনে করছেন মেট্রো কর্মকর্তারা।