রাজনীতির থাবা থেকে মুক্ত ময়দান, সিএবিতে বড় বদলের ইঙ্গিত!

বাংলার ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার ইঙ্গিত মিলল ইডেন গার্ডেন্সে। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনাল ম্যাচে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে উপস্থিত হয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ স্পষ্ট বার্তা দিয়েছেন যে, খেলার মাঠে কেবল খেলা হবে এবং সেখানে কোনো রাজনীতির স্থান নেই। সাম্প্রতিক সময়ে সিএবি-কে কেন্দ্র করে তৈরি হওয়া বিভিন্ন বিতর্ক ও ‘থ্রেট কালচার’-এর অভিযোগের আবহে ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সিএবি-র অভ্যন্তরীণ নির্বাচন, দুর্নীতি ও অর্থের বিনিময়ে দলে সুযোগ পাওয়ার মতো একাধিক অভিযোগ ঘিরে গত কয়েক মাসে উত্তাল হয়েছে ময়দান। সিএবি-র প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়াও সংস্থার স্বচ্ছতা ফেরাতে ‘অপারেশন ক্লিন আপ’-এর ডাক দিয়েছেন। এই পরিস্থিতিতে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ক্রীড়াক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। পাশাপাশি, কলকাতার বাইরে উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল পর্যন্ত প্রত্যন্ত এলাকার উদীয়মান প্রতিভাদের খুঁজে বের করতে এবং জেলা স্তরে ক্রিকেট পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে বাঙালি ক্রিকেটারদের স্বল্প উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলার প্রতিনিধিত্ব বাড়ানোর নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *