জলের তলায় ১৮০০ বছরের শিবলিঙ্গ! রহস্যে ঘেরা দক্ষিণ ভারতের প্রাচীন জম্বুকেশ্বর মন্দির
তামিলনাড়ুর তিরুচিরাপল্লির কাছে অবস্থিত প্রায় ১৮০০ বছরের পুরনো ‘জম্বুকেশ্বর মন্দির’ ভারতের প্রাচীন স্থাপত্য ও আধ্যাত্মিক রহস্যের এক অনন্য নিদর্শণ। হিন্দু পুরাণের ‘পঞ্চভূত স্থলম’-এর অন্তর্গত এই মন্দিরটি ‘জল’ বা ‘অপু লিঙ্গম’-এর প্রতীক। এই মন্দিরের গর্ভগৃহে থাকা শিবলিঙ্গটি বছরজুড়ে আংশিক জলমগ্ন থাকে, যা আজও এক বড় বিস্ময়। শিবলিঙ্গের নিচ থেকে প্রাকৃতিকভাবে অবিরাম জলধারা প্রবাহিত হয় এবং প্রচণ্ড গরমকালেও এই জলধারা শুকিয়ে যায় না।
খ্রিস্টীয় দ্বিতীয় শতকে চোল রাজা কোচেঙ্গাট চোল এই মন্দিরটি নির্মাণ করেন, যার গায়ে ১৫০টিরও বেশি ঐতিহাসিক শিলালিপি খোদাই করা রয়েছে। কিংবদন্তি অনুযায়ী, একটি জামগাছের নিচে অবস্থিত শিবলিঙ্গকে হাতি ও মাকড়সার পূজার মাধ্যমে দেবতার সন্তুষ্টি লাভের কাহিনি থেকে এর নামকরণ হয়েছে। এছাড়া, এখানে প্রতিদিন দুপুরের বিশেষ পূজায় প্রধান পুরোহিত দেবী অখিলাণ্ডেশ্বরীর বেশভূষায় শিবের আরাধনা করেন। মন্দিরের ইতিহাস, স্থাপত্য ও ভৌগোলিক রহস্য একে পর্যটক ও গবেষকদের কাছে এক বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।