অস্তিত্ব রক্ষার শেষ লড়াই, ৫ জন থাকলেও মমতা নামছেন ধর্মতলায়!

সরকারের ক্ষমতাচ্যুতি ও দলের ভেতর লাগাতার ভাঙনের সংকটের মধ্যেই চলতি বছর ধর্মতলায় ২১ জুলাই শহিদ সমাবেশ আয়োজনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূলের এক প্রস্তুতি সভায় ফোনে বার্তা দিয়ে তিনি জানান, পুলিশের অনুমতি সাপেক্ষে পুরোনো রীতি মেনেই এ বছর ধর্মতলায় এই কর্মসূচি পালিত হবে। এমনকি দলের কর্মী সংখ্যা নগণ্য হলেও তিনি এই সমাবেশ করবেন বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন।

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের উদ্যোগে আয়োজিত সভায় দলত্যাগীদের কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পত্তি বাঁচানো ও টাকার লোভে দলত্যাগ করা নেতাদের ‘বেইমান’ হিসেবে অভিহিত করে তিনি হুঁশিয়ারি দেন, সিপিএম থেকে এসে যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের ক্ষমা করা হবে না। একইসঙ্গে, বর্তমান পুলিশ-প্রশাসন ও বিজেপির বিরুদ্ধে দলের কর্মী এবং তাঁর পরিবারের ওপর নির্যাতনের অভিযোগও তুলেছেন তৃণমূল নেত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতা হারানো ও সংগঠনের দুরবস্থার প্রেক্ষাপটে এবারের ২১ জুলাই তৃণমূলের কাছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। বিগত বছরগুলোর জাঁকজমকপূর্ণ সমাবেশের তুলনায় বর্তমান চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। একদিকে কর্মী সংকটের প্রবল বাস্তবতাকে স্বীকার করে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, অন্যদিকে জনস্বার্থ মামলা এবং আইনি জটিলতা—সব মিলিয়ে এবারের শহিদ সমাবেশ দলটির রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *