উত্তরবঙ্গে আবারও ধসের শঙ্কা, ভাসতে পারে নিচু এলাকা!
উত্তরবঙ্গে ফের প্রবল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। টানা বৃষ্টির রেশ কাটতে না কাটতেই নতুন করে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তায় নদীগুলোর জলস্তর বৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলে ধসের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির কারণে পাহাড়ের বাসিন্দা ও পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে, যেখানে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদহ ও দুই দিনাজপুরে জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা।
আবহাওয়াবিদদের মতে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবেই এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও সপ্তাহের শুরু থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান ও নদীয়া জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।