ছবির মুক্তি আটকাতে মরিয়া সলমন, ফের বিপাকে কৃষ্ণসার শিকার মামলা!
তিন দশক পুরোনো কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনা এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সাথে বলিউড সুপারস্টার সালমান খানের সংঘাতের আলোকে নির্মিত ক্রাইম থ্রিলার ‘কালা হিরন দ্য ব্যাটেল ফর লেগেসি’ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। নিজের পার্সোনালিটি রাইটস বা ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে ছবিটির মুক্তি, প্রচার ও স্ট্রিমিং আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সালমান খান। ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকারের মামলা থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় সালমান খানের থাকা এবং তাঁর বাসভবনের বাইরে গুলির ঘটনার প্রেক্ষাপটে নির্মিত এই ছবি নিয়ে শুরু থেকেই বিতর্ক দানা বেঁধেছে।
নির্মাতারা সরাসরি সালমানের নাম ব্যবহার না করলেও ছবির টিজারে চরিত্রটির পোশাক ও অঙ্গভঙ্গি অভিনেতার আদলে তৈরি করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই সিনেমা ঘিরে অভিনেতা সোনু মিশ্র এবং গোবিন্দ নামদেবের মতো শিল্পীরাও আপত্তি জানিয়েছেন। গোবিন্দ নামদেবের অভিযোগ, চরিত্রটি সম্পর্কে তাঁকে অন্ধকারে রাখা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে প্রযোজক অমিত জনি ওই অভিনেতার বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানির মামলার হুমকি দিয়েছেন। সব মিলিয়ে সালমান খানের করা মামলা এবং কলাকুশলীদের মধ্যকার আইনি দ্বন্দ্বে সিনেমাটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।